মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫

এই বিশ্বকাপে আমাদের একজন ধারাভাষ্যকারও নেই! সবেধন নীলমণি আতহার আলী খান আইসিসির এলিট প্যানেলের কমেন্টেটর হওয়া সত্ত্বেও কেন কমেন্ট্রি বক্সে থাকতে পারলেন না, তা আমার জানা নেই। ফারুক, বুলবুলরা অস্ট্রেলিয়াতেই আছেন, বোর্ডের পয়সায় আকরাম, সুজনও। খেলার সময় প্যাভিলিয়নে সুজনকে ঘুমাতে দেখা যায়, খবরের কাগজ দেখে জানা যায় তার কারণ! বুলবুল তো আইসিসির চাকরিই করেন; আকরাম ফারুক অস্ট্রেলিয়ায় শপিং ছাড়া আর কী করলেন কে জানে!
শাস্ত্রি সুনীল সৌরভ মাঞ্জরেকার দ্রাবিড়রা গোটা আইসিসিকে দৌড়ের উপর রেখেছে, তাদের ইচ্ছে মতো ভেন্যু বদলাচ্ছে, পিচ তৈরি হচ্ছে, সূচি বদলাচ্ছে, আম্পায়ার নিয়োগ পাচ্ছে, কমেন্ট্রি বক্স ডমিনেট করার মধ্য দিয়ে থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত বদলাচ্ছে, এমনকি ম্যাচের লাইভ কাভারেজে কোন রিপ্লে কতবার দেখানো হবে - সেটা পর্যন্ত ডমিনেট করা হচ্ছে। লবিস্টের ভূমিকা কী তা এদের দেখে শিখতে হয়। ঠিক তখন, আমাদের সিনিয়রদের বেশিরভাগই হয় গাজি নয়ত মাছরাঙ্গায় দাওয়াত পেলেই খুশি, নয়ত বোর্ডের খরচে অস্ট্রেলিয়ায় গিয়েও কেবল মাঠে একবার হাজিরা দেয়াটাকেই যথেষ্ট মনে করছেন।
কয়েকজন কোচিং স্টাফ আর অগণিত ভক্ত-সমর্থক ছাড়া আমাদের দলটার পাশে আর কেউ কি ছিলো? একজন ম্যাচ অফিশিয়ালও কি এদেশ থেকে নেয়া হয়েছে? কেউ একজনও কি অস্ট্রেলিয়ায় ছিলেন, যিনি দলের স্বার্থে বারগেইন করতে পারেন? অফিশিয়াল বা আন-অফিশিয়াল কোনো একটা ফোরামে? … যে ইংল্যান্ডকে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল বঞ্চিত করে আমরা শেষ আটে গেলাম, যারা ক্ষমতার জোরে নিজেদেরকে “বিগ থ্রি” ঘোষণা করে বিশ্বকাপের মূলপর্বেই আমাদের সরাসরি খেলতে দিতে চায় না, সেই দেশের আম্পায়ার কেন আমাদের ম্যাচে দাঁড়াবে? তাও আবার সাথে পাকিস্তানের একজনকে নিয়ে, জাতিগত শত্রুতার কথা আপাতত বাদ রাখলেও সফর নিয়েই যাদের সাথে আমাদের দা-কুড়াল সম্পর্ক চলছে!
ক্রিকেট শুধুই মাঠের খেলা এখন থেকে আর নয়। অতএব, এই হার থেকে শিক্ষা নিন; ক্রিকেটাররা নয়, কারণ তারা হারেনি; শিক্ষা নিন বোর্ড কর্তারা, সংগঠকরা, আইসিসিতে আমাদের প্রতিনিধিরা, সর্বোপরি সাবেক ক্রিকেটাররা…। অন্তত ফ্লুয়েন্টলি ইংরেজি বলার শিক্ষাটা তো নিন! ১৫ বছর টেস্ট খেলে, এত এত টেস্ট ক্যাপ বিলিয়ে এখন পর্যন্ত কমেন্ট্রি বক্সে ওই টেস্ট-পূর্ব যুগের আতহার ছাড়া আর একজনকেও ঢোকাতে পারলাম না… লবিং আর করবো কারে দিয়ে!
বেকুব বাঙালী, বাঙালীই থেকে গেলি… ইংরেজিতে কথা বলতেও শিখলি না!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন